জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য সমন্বিত পদক্ষেপ নিতে ডব্লিউইএফের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : জুন ২৩, ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য সমন্বিত পদক্ষেপ নিতে ডব্লিউইএফের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

চীনের দালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনের ফাঁকে আজ ডালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডব্লিউইএফের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অ্যালয়েস জুইঙ্গির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা বাংলাদেশসহ বদ্বীপ রাষ্ট্র এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকিতে থাকা দেশগুলোর জন্য সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

সাক্ষাতের শুরুতে ডব্লিউইএফের প্রেসিডেন্ট ও সিইও বাংলাদেশের সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।

আলোচনাকালে তারেক রহমান জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ডব্লিউইএফের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন।

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণের একটি কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, পানি প্রবাহ পুনরুদ্ধার, বন্যার ঝুঁকি হ্রাস এবং পরিবেশ সুরক্ষার লক্ষ্যে প্রায় ২০ হাজার কিলোমিটার নদী ও খাল পুনঃখননের উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন উৎসাহিত করার অংশ হিসেবে বাংলাদেশ সৌরবিদ্যুৎ উৎপাদনে কর-প্রণোদনা চালু করেছে এবং ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের পরিকল্পনা গ্রহণ করেছে বলেও জানান প্রধানমন্ত্রী।

অ্যালয়েস জুইঙ্গি বৈশ্বিক পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তারেক রহমানের অভিজ্ঞতা ও উদ্যোগ কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করেন।

তিনি বলেন, জলবায়ু সহনশীলতা ও টেকসই উন্নয়নে বাংলাদেশের বিভিন্ন উদ্যোগ আন্তর্জাতিক অর্থায়নকারী প্রতিষ্ঠান ও বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করবে।

বাংলাদেশের উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দিয়ে তিনি বলেন, ডব্লিউইএফ ভবিষ্যতেও প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখবে।

এ সময় তিনি প্রধানমন্ত্রীকে সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিতব্য ডব্লিউইএফের বার্ষিক সভায় অংশগ্রহণের আমন্ত্রণ জানান।

সাক্ষাৎকালে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতীকুর রহমান রুমান উপস্থিত ছিলেন।