জলবায়ু সচেতনতায় একশ শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচনে তথ্য আহ্বান


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : জুন ১০, ২০২৬, ৯:৫০ অপরাহ্ন
জলবায়ু সচেতনতায় একশ শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচনে তথ্য আহ্বান

দেশে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সচেতনতা বাড়াতে একটি বিশেষ উদ্যোগ নিয়েছে সরকারের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। এর অংশ হিসেবে দেশজুড়ে ১০০টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কার্যক্রম সফল করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে প্রয়োজনীয় তথ্য আহ্বান করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক জরুরি চিঠিতে এ তথ্য জানিয়েছে।

চিঠিতে বলা হয়েছে, লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস) প্রজেক্ট মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বিশ্বব্যাংকের ঋণ সহায়তায় অক্টোবর ২০২৩ থেকে সেপ্টেম্বর ২০২৮ মেয়াদে বাস্তবায়িত হচ্ছে। লেইস প্রজেক্ট বাস্তবায়নে বিশ্বব্যাংক সর্বমোট ৩০০ মিলিয়ন ডলার ঋণ সহায়তা প্রদান করবে। তার মধ্যে, নির্ধারিত Disbursement Linked Indicators (DLIs)/ Disbursement Linked Results (DLRs) অর্জন সাপেক্ষে মোট ২৮০ মিলিয়ন মার্কিন ডলার ছাড় করা হবে। লেইস প্রকল্পের জন্য মোট পাঁচ বছর প্রকল্প মেয়াদে ৮টি DLI এরিয়ার আওতায় মোট ৩৫টি DLR অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারিত রয়েছে। প্রতিটি DLR অর্জনের পরিপ্রেক্ষিতে ওই DLR এর জন্য নির্ধারিত পরিমাণ অর্থ সরকারি কোষাগারে জমা হবে।

আরও বলা হয়, লেইস প্রকল্পের ২য় বছরের (২০২৫) জন্য মোট ৮টি DLR অর্জনের জন্য নির্ধারিত রয়েছে। বর্ণিত DLR-সমূহ অর্জনের লক্ষ্যে ইতঃপূর্বে প্রতি উপজেলা/থানা থেকে ৪টি করে শিক্ষা প্রতিষ্ঠান (৩টি মাধ্যমিক বিদ্যালয় ও ১টি দাখিল স্তর রয়েছে এমন মাদরাসা) নির্বাচনপূর্বক কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। বর্ণিতাবস্থায়, লেইস প্রজেক্ট এর ২য় বছরের (২০২৫) জন্য নির্ধারিত DLR-6.2 এর আওতায় (১) শিখন ত্বরান্বিতকরণের ক্ষেত্রে সফল মাধ্যমিক পর্যায়ের সেরা ১০০টি শিক্ষা প্রতিষ্ঠান (Best Learning Accelerator Schools) এবং (২) জলবায়ু সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়নে সেরা ১০০টি শিক্ষা প্রতিষ্ঠান (Climate Champion Institutions)-কে সার্টিফিকেট/পুরস্কার প্রদান করা হবে।

এলক্ষ্যে, ১০০টি সেরা শিখন ত্বরান্বিতকারী শিক্ষা প্রতিষ্ঠান ও ১০০টি সেরা জলবায়ু চ্যাম্পিয়ন শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচনের নিমিত্ত নিম্নবর্ণিতভাবে তথ্য সংগ্রহ করা আবশ্যক।

১০০টি সেরা লার্নিং এক্সিলারেটর শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচনের জন্য তথ্য প্রদান

লেইস প্রকল্পের কর্মসূচিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহ থেকে ১০০টি সেরা শিখন ত্বরান্বিতকারী শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচনের লক্ষ্যে নিম্নবর্ণিত প্রক্রিয়ায় তথ্য প্রদান করতে হবে।

>> লেইস প্রকল্পের কর্মসূচিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহ (ইতঃপূর্বে নির্বাচিত প্রতি উপজেলা/থানা থেকে ৩টি বিদ্যালয় ও ১টি মাদ্রাগ্রী) ৬ষ্ঠ ও ৮ম. শ্রেণির শিক্ষার্থীগণের বাংলা বিষয়ের বিগত দুই শিক্ষাবর্ষের (২০২৪ ও ২০২৫ শিক্ষাবর্ষ) বার্ষিক পরীক্ষার ফলাফল একটি অনলাইন সফটওয়ারে এন্ট্রি প্রদান করবে। একইসাথে, প্রতিষ্ঠান প্রধান কর্তৃক স্বাক্ষরিত ফলাফলের একটি স্ক্যানকপি সফটওয়ারের নির্ধারিত স্থানে সংযুক্ত করবে।

>> স্থানীয় পর্যায়ে গঠিত ৩ সদস্য বিশিষ্ট কমিটি সফটওয়ারে এন্ট্রিকৃত ফলাফলের সঠিকতা যাচাইপূর্বক ফরওয়ার্ড করবে।

(খ) জলবায়ু সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়নে সেরা ১০০টি শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচনের লক্ষ্যে তথ্য প্রদান

জলবায়ু সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়নে সেরা ১০০টি শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচনের লক্ষ্যে নিম্নবর্ণিত প্রক্রিয়ায় তথ্য প্রদান করতে হবে।

>> লেইস প্রকল্পের কর্মসূচিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহ (ইতঃপূর্বে নির্বাচিত প্রতি উপজেলা/থানা থেকে ৩টি বিদ্যালয় ও ১টি মাদরাসা) একটি অনলাইন সফটওয়ারে জলবায়ু সচেতনতামূলক কর্মসূচির বাস্তবায়ন মূল্যায়নের নিমিত্ত চাহিত তথ্য এন্ট্রি করবে (প্রমাণকসহ)।

>> স্থানীয় পর্যায়ে গঠিত ৩ সদস্য বিশিষ্ট কমিটি সফটওয়ারে এন্ট্রিকৃত তথ্যসমূহের সঠিকতা যাচাইপূর্বক ফরওয়ার্ড করবে।

শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচনের তথ্য সংগ্রহের জন্য প্রস্তুতকৃত অনলাইন সফটওয়ারের লিংক: https://data.laiseproject.com. উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাগণ অনলাইন সফটওয়ারে প্রবেশের ID ও Password এবং যে কোনও কারিগরি সমস্যা দেখা দিলে যোগাযোগের ইমেইল ঠিকানা: support@laiseproject.com.

এমতাবস্থায়, লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস) প্রজেক্ট এর আওতায় শিখন ত্বরান্বিতকরণের ক্ষেত্রে সফল মাধ্যমিক পর্যায়ের সেরা ১০০টি শিক্ষা প্রতিষ্ঠান এবং জলবায়ু সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়নে সেরা ১০০টি শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা নির্বাচনের লক্ষ্যে আগামী ১৪ জুনের মধ্যে অনলাইনে তথ্য প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।